দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ২০১ রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। এর আগের দিন গত রবিবার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। গত ২৫ আগস্ট দ্বিতীয় সর্বোচ্চ ১৮০ রোগী হাসপাতালে ভর্তি হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২০১ জনের মধ্যে ঢাকা শহরে ১৪৯ জন এবং বাকি ৫২ জন ঢাকার বাইরের। এ সময় ১ জন মারা গেছে।
ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, এ বছরের জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৬৯৩ জন। তাদের মধ্যে ঢাকা শহরেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬৯৩ জন। অবশিষ্ট ১ হাজার ১ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২০ জন। তাদের মধ্যে ৯ জন ঢাকার ও বাকি ১১ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের ৩০ দিনে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়। জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ রোগী। ডেঙ্গু রোগী ভর্তির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে গত জুনে। সে মাসে ভর্তি হয়েছিল ৭৩৬ জন। এরপর মে মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬৩ জন, এপ্রিলে ২৩ জন, ফেব্রুয়ারি ও মার্চে ২০ জন করে। তবে বছরের শুরুতে জানুয়ারি মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১২৬ জন।
