রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। পেট্রল ও বেনজিন কেনার চুক্তির শর্তাবলি চূড়ান্ত করতে মস্কোতে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র হাবিবুর রহমান হাবিব নিশ্চিত করেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল মস্কোয় অবস্থান করছে। গম, তেল ও গ্যাস আমদানিতে চুক্তি চূড়ান্ত করতে দলটি কাজ করছে। এক বার্তায় হাবিবুর রহমান রয়টার্সকে বলেন, ‘রুশ পক্ষের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।’ চুক্তি সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দপ্তরের একটি সূত্র বলেছে, তার মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি টেকনিক্যাল টিম চুক্তির বিষয়ে কাজ করতে মস্কোয় অবস্থান করছে।
