দিনাজপুরে ওএমএস-টিসিবি বিক্রি কার্যক্রম শুরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০ এএম

দিনাজপুরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ও টিসিবি কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খাদ্যশস্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের মিশন রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। 

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, দিনাজপুর জেলা খাদ্যশস্যের ভান্ডার হিসেবে পরিচিত। খাদ্যশস্য উৎপাদনের ফলে বহু অটো রাইস মিল গড়ে উঠেছে। আর এই অটো রাইস মিলগুলোর কারণে কর্মসংস্থান হয়েছে বহু বেকার মানুষের। সরকার জনগণের কথা চিন্তা করে ওএমএস ও টিসিবি কার্যক্রম পরিচালনা করছে। ওএমএস ও টিসিবি কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও খাদ্য বিভাগ কাজ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, ৩০ টাকা কেজি দরে চাল জনপ্রতি পাঁচ কেজি ও ১৮ টাকা কেজি দরে আটা জনপ্রতি সর্বোচ্চ তিন কেজি দেওয়া হচ্ছে। এ ছাড়া টিসিবি কার্ডধারীরা ৫ কেজি করে মাসে দুইবার মোট ১০ কেজি চাল নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত