'কিডনি বিক্রি'র টাকা নিয়ে আরেকজনকে বিয়ে করলেন স্ত্রী, দুঃখে স্বামীর আত্মহত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় কিডনি বিক্রির তিন লাখ টাকা নেয়ার পর স্বামীকে গোপনে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন এক নারী। এ ঘটনা জানার পর সাবেক স্বামী আতাউর রহমান (৪০) নামে বিষপান করে মারা গেছেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম বলেন, তার ইউনিয়নের একজন বিষপানে মারা গেছেন। আতাউর সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। তিনি পত্রিকা বিক্রি করে সংসার নির্বাহ করতেন। আতাউরের আগেও একটি বিয়ে ছিল। সেখানে তার দুটো সন্তান রয়েছে। এরপর ডিভোর্সি রুবিনাকে বিয়ে করেন। কিন্তু নানা কারণে তাদের মনোমালিন্য ছিল।

তিনি বলেন, রুবিনা-আতাউরের কয়েকবার ছাড়াছাড়ি এবং ফের ঘর বাঁধার ঘটনা ঘটে। সম্প্রতি সে ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এর মধ্যে রুবিনার সাথে থাকার ব্যাপার নিয়ে অনেকবার পরিষদে এসেছেন আতাউর কিন্তু নানা সমস্যার কারণে রুবিনা ঘরে না ফিরে আরেক জায়গায় বিয়ে করেন। এই খবর পেয়ে আতাউর আত্মহত্যা করেছেন।

আতাউরের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। সেখানে দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এরপর ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে তিন লাখ টাকা রুবিনাকে দেয়। টাকা পাওয়ার পর রুবিনা আতাউরকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছে। এই খবর জানার পর বিষ খেয়ে মারা গেছে আতাউর।

আতাউরের শাশুড়ি ও রুবিনার মা মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, তিনি শুনেছেন কিডনি বিক্রি করে সেই টাকা দিয়েছিলেন স্ত্রী রুবিনাকে। পরবর্তীতে রুবিনা অন্য একটি ছেলেকে বিয়ে করায় অভিমানে বিষপান করে মারা গেছেন আতাউর। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অধিকতর তদন্তে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে মনে করেন ওসি নাসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত