সালাউদ্দিন লাভলুর নামে ফেক আইডি খুলে প্রতারণা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব, পরিচালক ও অভিনেতা সালাউদ্দিন লাভলুর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অভিনয়ে আগ্রহী তরুণ-তরুণীদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

বুধবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সিটি সাইবার ক্রাইম বিভাগের সহকারী কমিশনার চাতক চাকমা দেশ রূপান্তরকে বলেন, 'অভিনেতা ও নির্মাতা হিসেবে সালাউদ্দিন লাভলুর জনপ্রিয়তাকে ব্যবহার করে গজারিয়ার মোখলেছুর রহমান প্রায় এক বছর ধরে প্রতারণা করে আসছিল। তার সাথে আরো অনেকেই আছে।'

তিনি জানান, মোখলেছুরের চক্রটি লাভলুর ছদ্মপরিচয়ে প্রথমে বিভিন্ন বয়সী নারী-পুরুষের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সখ্য গড়ে তুলতেন। পরবর্তীতে তাদের নাটকে নায়ক-নায়িকা, পার্শ্বচরিত্রসহ বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে টাকা দাবি করতেন। অনেকেই এই চক্রের কাছে টাকা দিয়ে প্রতারিত হন। এভাবে চক্রটি অর্ধশতাধিক মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

তিনি আরো জানান, বিষয়টি সালাউদ্দিন লাভলুর নজরে এলে তিনি সম্প্রতি রাজধানীর বনানী থানায় একটি মামলা করেন। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটির তদন্তভার পেয়ে লাভলুর নামে খোলা ফেসবুক আইডির বিশ্লেষণ ও উন্নত প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের আভিযানিক দল প্রতারক মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছুর রহমান দাবি করেন, তিনি বেশকিছু ইউটিউবভিত্তিক শর্টফিল্মে অভিনয় করেছেন। সেই সূত্রে অভিনয়ে আগ্রহীদের মিথ্যা তথ্য দিয়ে কিছু টাকা নিয়েছেন।

সিটি সাইবার ক্রাইম বিভাগ জানায়, গ্রেপ্তারকৃত মোখলেছ দেশের অন্যতম সক্রিয় সাইবার প্রতারক চক্রের সদস্য। চক্রটি দেশের অন্য কোনো স্বনামধন্য ব্যক্তির নামে ফেক আইডি খুলেছিল কি-না সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। মোখলেছুর রহমানকে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত