নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. শাওনের মৃত্যু এবং মানিকগঞ্জ, নেত্রকোণা, নড়াইল, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা ও পুলিশ গুলিবর্ষণ করে অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং বাদ জুমা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে জেলা ও মহানগরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জে শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে শনিবার বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপরি-উক্ত কর্মসূচিসমূহ পালনের জন্য অনুরোধ করা হলো।
