টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

সবার আগেই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। একদিন পরেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড প্রকাশ করেছে ইংল্যান্ড। ১৫ সদস্যের দলে চমক বলতে, মারকুটে ওপেনার জেসন রয়ের জায়গা না পাওয়া।

জেসন রয় বাদ পড়লেও চোট সারিয়ে বিশ্বকাপের দলে ঢুকে পড়েছেন দুই পেসার ক্রিস ওকস ও মার্ক উড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিশ্বকাপ দলের সঙ্গে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান সফরের সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও। ওকস ও উড সেই দলেও জায়গা করে নিয়েছেন এবং জেসন রয় বাদ পড়েছেন ১৯ জনের সেই স্কোয়াড থেকেও।

বিশ্বকাপের জন্য ১৫ জনের মূল স্কোয়াডের পাশাপাশি ৩ জন ট্র্যাভেলিং রিজার্ভের নামও ঘোষণা করেছে ইংল্যান্ড। স্ট্যান্ড-বাই হিসেবে বিশ্বকাপ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

ট্র্যাভেলিং রিজার্ভ: লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত