মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে প্রতিপক্ষ হামলা চালিয়ে দুই ছেলেসহ বাবাকে কুপিয়ে জখম করেছে। আহতদের মধ্যে দুই ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা আকতার হোসেনকে (৬০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন আকতার হোসেন, তার দুই ছেলে আনোয়ার জাহিদ সুজন (৩৮) ও মামুনুর রশিদ (৩২)।
হাসপাতালে ভর্তি আকতার হোসেন জানান, পারিবারিক একটি জমির দখল নিয়ে ভাতিজা মিজানুর রহমানের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলায় আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অনুযায়ী বিরোধপূর্ণ ওই জমিতে কারও দখল নেওয়ার কথা নয়। গতকাল সকালে এই জমি মিজানুর রহমান দখল করতে যায়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আকতার হোসেন, তার দুই ছেলে আনোয়ার জাহিদ সুজন, মামুনুর রশিদকে কুপিয়ে জখম করে মিজানুর রহমানসহ তার লোকজন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আনোয়ার হোসেন জাহিদ ও মামুনুর রশিদের ক্ষত গুরুতর হওয়ায় তাদের দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমানের ভাই কামরুল ইসলাম বলেন, ‘আকতার ও তার দুই ছেলে তাদের লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
মাগুরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন আছে।
