ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না : তাজুল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৫ এএম

ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বস্তিতে বসবাসরত নিম্নআয়ের মানুষকে কম দামে পানি দেওয়া হবে।

গতকাল শুক্রবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে সিটি রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, রাজধানীতে জোনভিত্তিক পানির দাম নির্ধারণ করে বস্তিতে বসবাসরতদের কম দামে পানি দেওয়ার ব্যবস্থা করা হবে। রাজধানীতে বসবাসরত বেশিরভাগ মানুষই বিত্তবান। গরিব মানুষের থেকে রাজস্ব আদায় করে সেই টাকা দিয়ে ধনীদের ভর্তুকি দেওয়া নৈতিকভাবে কতটা সমর্থনযোগ্য প্রশ্ন তোলেন মন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকায় জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান-বনানীর অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে। শুধু পানি নয় হোল্ডিং ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের মূল্য জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘করোনা মহাসংকটের পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। জ্বালানির দাম বাড়ায় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় মানুষ ভালো আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত