সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। সাবেক তারকা ফুটবলার বাইচুং ভুটিয়াকে নির্বাচনে পরাজিত করে তিনি বিজয়ী হন।
শুক্রবার অনুষ্ঠিত ফেডারেশনের নির্বাচনে কল্যাণ ৩১টি ভোট পেয়েছেন। অন্যদিকে ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তী বাইচুং পেয়েছেন মাত্র ১ ভোট।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন সাবেক ফুটবলার সভাপতির চেয়ারে বসতে চলেছেন। প্রিয়রঞ্জন দাস মুন্সির পর পশ্চিম বাংলার কেউ সভাপতি নির্বাচিত হলেন। কল্যাণ চৌবের আগে সভাপতি ছিলেন প্রফুল্ল প্যাটেল। সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন কর্নাটক রাজ্য সংস্থার সভাপতি এন এ হ্যারিস। কোষাধ্যক্ষ হয়েছেন কিপা অজয়।
নির্বাচনের আগেই অনুমান করা গিয়েছিল কল্যাণ চৌবের দিকেই জয়ের পাল্লা ভারী। কারণ, বেশিরভাগ রাজ্য সংস্থার সমর্থন ছিল তার দিকেই। অনেক আগে থেকেই রাজ্য সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন আদায় করে নিয়েছিলেন কল্যাণ। তবে ভোটের ব্যবধান এমন হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হওয়ায় ১৫ আগস্ট রাতে ভারতের ওপর নিষেধাজ্ঞা জারী করেছিল ফিফা। ফিফার সব শর্ত মেনে নির্বাচন হবে-ভারত এমন প্রতিশ্রুতি দেওয়ার পর প্রায় ২ সপ্তাহ পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
