ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৯ এএম

ক্যাফেটেরিয়ায় তালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে। গতকাল রাত ৯টার দিকে কলেজের উত্তর ও দক্ষিণ ছাত্রাবাসের ছাত্রলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষকালে গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা ধরে চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। পরে কলেজ প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন ১০ জন।

ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাফেটেরিয়ায় খাবার টাকা না দেওয়া নিয়ে বিত-ার জেরে ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপক আক্তার হোসেনকে মারধর করেন শাহরিয়ার হাসনাত ওরফে জিয়ন নামের এক ছাত্রলীগের কর্মী। এর জেরে দক্ষিণ ব্লকের নেতাকর্মীরা শাহরিয়ারকে মারধর করেন। তার জেরে দুদিন ধরেই কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শনিবার রাতে দক্ষিণ ছাত্রাবাসের আল আমিন নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করেন উত্তর ব্লকের কিছু ছাত্রলীগ কর্মী। এ খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ ব্লকের কর্মীরা লাঠিসোঁটা, রড, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হন। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হন উত্তর ব্লকের কর্মীরাও। এ সময় দুই ব্লক থেকেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। এ ছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে উত্তর ও দক্ষিণ ব্লকের ছাত্রলীগকর্মী আল আমিন, শাকিল, জুয়েল, অন্তু, মাহবুবসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানান। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ফরহাদ বিন নূরও।

ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ক্যানটিনের খাবার নিয়ে একজনের ওপর হামলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। ছাত্রাবাসের তত্ত্বাবধায়কেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।’

ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। সংঘর্ষের বিষয়ে নেতাকর্মীদের কেউ কথা বলতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত