‘শকুন রক্ষার পদক্ষেপে এশিয়ায় এগিয়ে বাংলাদেশ’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১১ এএম

শকুন রক্ষায় পদক্ষেপ গ্রহণে এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে। দেশে ২০১০ সালে শকুনের জন্য ক্ষতিকর ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করা হয় যা এশিয়ায় প্রথম। এরপর অন্য আরেকটি ক্ষতিকর ওষুধ কিটোপ্রফেনও নিষিদ্ধ করেছে সরকার।

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে গতকাল শনিবার বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শকুন সংরক্ষণে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক যেকোনো পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে এলে তা বাস্তবায়নে সহায়তা করা হবে।’ শকুন রক্ষায় সব ওষুধ কোম্পানিকে ক্ষতিকর কিটোপ্রফেন উৎপাদন ও বিপণন বন্ধে সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে মন্ত্রী শকুন সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পোস্টার তৈরি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শকুন সমৃদ্ধ এলাকায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত