এক মাস পর দেশে করোনা শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে এই হার ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল এক মাস আগে গত ৩ আগস্ট, ৬ দশমিক ৫৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত এক দিনে ১৫৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এবং মারা গেছে একজন। সংক্রমণ ও মৃত্যু গত এক দিনে তুলনামূলক কমলেও নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার বেড়ে ৬ শতাংশ হয়েছে। গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে ১৫৫ রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হলো ২০ লাখ ১২ হাজার ৫৩১ এবং মারা গেছে ২৯ হাজার ৩২৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১৫৫ জনের মধ্যে ১২৫ জনই ঢাকা বিভাগের। এক দিনে দেশের ৫৪টি জেলায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি।
এক দিনে যে একজন মারা গেছেন, তিনি সিলেট বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ্ব ওই পুরুষ ব্যক্তি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
