দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

মাটিচাপা দেওয়া হলো দুর্গন্ধ ছড়ানো টিসিবির পেঁয়াজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩ এএম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রি করতে তুরস্ক থেকে আমদানি করা প্রায় ৩০০ টন পচা পেঁয়াজ অবশেষে মাটিচাপা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় টিসিবি কার্যালয়ের পাশে পুকুরপাড়ে এসব পচা পেঁয়াজ মাটিচাপা দেওয়া হয় বলে জানা গেছে।

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ইপিজেড এলাকায় টিসিবি কার্যালয়ের পাশে পুকুরপাড়ে উন্মুক্ত অবস্থায় এসব পচা পেঁয়াজ ফেলে রাখা হয়েছিল। যার উৎকট দুর্গন্ধে আশপাশের জনবসতি বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। এ নিয়ে গত শুক্রবার দেশ রূপান্তরে ‘টিসিবির পচা পেঁয়াজ লোকালয়ে, ক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। আর এরপরই নড়েচড়ে বসেন টিসিবির চট্টগ্রাম কার্যালয়ের কর্তারা। পরে ওইদিন রাতেই পচা পেঁয়াজ মাটিচাপা দেওয়ার কাজ শুরু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে টিসিবির চট্টগ্রাম কার্যালয়ের প্রধান জামাল আহমেদ বলেন, ‘পেঁয়াজগুলোর দুর্গন্ধ বেড়ে যাওয়ায় আমরা নিজেরাই মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি। মোট ৮টি ড্রাম ট্রাকে করে শুক্রবার রাতের মধ্যেই পচা পেঁয়াজগুলো মাটিচাপা দেওয়া হয়। এখন আশপাশে আর কোনো গন্ধ ছড়াবার সুযোগ নেই।’

এ প্রসঙ্গে ইপিজেড এলাকার বাসিন্দা মোহাম্মদ রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘তিন-চার দিন আগে টিসিবি কার্যালয়ের পাশে পুকুরপাড়ে পচা পেঁয়াজগুলো ফেলা হয়। শুরুতে দুর্গন্ধ কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। দুর্গন্ধে এলাকায় টেকাই দায় হয়ে পড়েছিল। কিন্তু শুক্রবার রাতের পর থেকে ওই বাজে গন্ধ খুব একটা পাওয়া যাচ্ছে না।’

টিসিবির চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা জানান, টিসিবির মাধ্যমে বিক্রির জন্য তুরস্ক থেকে ২ হাজার ৮০০ টন পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু চট্টগ্রাম বন্দরে সেসব পেঁয়াজ আসার পর কাস্টমসে কাগজপত্র সমস্যার কারণে এক মাস ধরে বন্দরের ইয়ার্ডে আটকে থাকে। পরবর্তী সময়ে সেসব পেঁয়াজ টিসিবি কার্যালয়ে আনা হলে বাছাই করার সময় ৩০০ টন নষ্ট পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত