আমদানি কমের অজুহাতে আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা।
দুদিন আগে প্রতি কেজি ছোট আকারের পেঁয়াজ প্রকারভেদে ১৭/১৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২২/২৩ টাকায় বিক্রি হচ্ছে।
মোটা আকারের পেঁয়াজ আগে ১৯/২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৫/২৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। কিন্তু কয়েক দিন ধরে দেশীয় পেঁয়াজের দাম কমায় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে। এ কারণে দামও কমে গেছে।
বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে ২০ টাকার উপরে পড়তা পড়ছিল কিন্তু দেশের বাজারে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১৭ থেকে ১৮ টাকা করে।
এ কারণে পেঁয়াজ আমদানি করে লোকসান হওয়ায় আমদানিকারকরা ভারতে পেঁয়াজের লোডিং কমিয়ে দিয়েছেন।
এতে করে বন্দর দিয়ে আগের তুলনায় পেঁয়াজের আমদানি খানিকটা কমেছে।
এ ছাড়া দেশীয় পেঁয়াজের দাম কমতির দিকে ছিল তা আবারও মনপ্রতি ১শ টাকা করে বাড়তি হয়েছে যার প্রভাব পড়েছে আমদানি করা পেঁয়াজের দামের ওপরে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের প্রথম থেকেই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কম লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল শনিবার বন্দর দিয়ে ২৯টি ট্রাকে ৮৫৬ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। যেখানে বৃহস্পতিবার বন্দর দিয়ে ৩৪টি ট্রাকে ১ হাজার ২৭ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। আজকেও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
