টাঙ্গাইলে রাইস মিলে দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ এএম

টাঙ্গাইলে গোপালপুরে একতা রাইস মি‌লের হোপার (চাউলের বক্স) ভেঙে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রা‌ত ১০টার দি‌কে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকার একতা রাইস মি‌লে এ দুর্ঘটনাটি ঘ‌টে।

নিহত শ্রমিকেরা কুড়িগ্রাম জেলার পাচগা‌ছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ, একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতেও ৬ জন শ্রমিকেরা মিলে কাজ করছিলেন। এর মধ্যে মিলের ৩ জন শ্রমিক হোপার থেকে চাল বস্তায় ভরে সেলাই করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে মিলের এক হাজার মন চাল ভর্তি হোপার ভেঙে শ্রমিকদের উপড়ে পরে যায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তিনজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজনের চাল রাখায় এ দুর্ঘটনা হতে পারে। রাইস মিলের হোপারে প্রায় এক হাজার মন চাল ভর্তি ছিলো।

মিলে মোট শ্রমিক বিভিন্ন পয়েন্টে ২৮ জন কাজ করছিলেন বলেও জানান তিনি

গোপালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী  জানান, দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অপরজন হাসপাতালে আনার পরপরই মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত