জনপ্রিয় বলিউড সিক্যুয়েল 'আশিকি ৩'-এর চুক্তি স্বাক্ষর করলেন কার্তিক আরিয়ান। বহু অভিনেতাই এ ছবিতে কাজ করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন, তবে ভূমিকাটি শেষ অবধি পেলেন কার্তিক।
'আশিকি'র এই তৃতীয় পর্বের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু। তবে কার্তিকের বিপরীতে নায়িকা কে হবেন, এখনও জানা যায়নি।
সম্প্রতি নেটমাধ্যমে বড় করে ঘোষণা করেছিলেন কার্তিক নিজেই। তাতে লেখা ছিল, 'হৃদয়বিদারক ছবি হতে চলেছে! বসুদার সঙ্গে আমার প্রথম কাজ এটা।'
কার্তিক আরো বলেছেন, কালজয়ী ক্লাসিক 'আশিকি' দেখে আমি বড় হয়েছি। 'আশিকি ৩'-এ কাজ করা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এই সুযোগের জন্য ভূষণ কুমার এবং মুকেশ ভাটের কছে বিশেষভাবে কৃতজ্ঞ। তা ছাড়া আমি অনুরাগ বসুর কাজের একজন বড় ভক্ত। তার সঙ্গে কাজ করারও সুযোগ পেয়ে গেলাম। আমি অনেক কিছু শিখতে পারব।
রাহুল রায় এবং অনু আগারওয়াল অভিনীত 'আশিকি' মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। দর্শক-হৃদয় জয় করার পাশাপাশি বক্স অফিসেও চূড়ান্তভাবে সফল হয় মহেশ ভাট পরিচালিত ছবিটি। ছবির গান এখনও মনে রয়ে গিয়েছে সকলের। তার পর ২০১৩ সালে আসে সিক্যুয়েল 'আশিকি ২'। শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত সেই ছবির পরিচালনায় ছিলেন মোহিত সুরি। এই ছবিও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। অরিজিৎ সিং-এর গানগুলো ছেয়ে গিয়েছিল চারদিকে। প্রথম ছবিতেই বলিউডে পাকা জায়গা তৈরি করে নিতে পেরেছিলেন শ্রদ্ধা এবং আদিত্য।
শোনা গিয়েছিল, আশিকি তৃতীয় কিস্তিতে থাকবেন সিদ্ধার্থ মালহোত্র এবং আলিয়া ভাট। কিন্তু সে ছবি ফ্লোরে ওঠেনি। 'আশিকি ৩'-এ মনোনীত হলেন কার্তিক। আর গানের দায়িত্ব পেয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং সুরকার প্রীতম। আরিয়ান সম্প্রতি কিয়ারা আদভানির সহঅভিনেতা হয়েছেন 'সত্যপ্রেম কি কথা'য়। তার ঝুলিতে রয়েছে 'শেহজাদা', 'ফ্রেডি' এবং 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র মতো ছবি। ছবি : টাইমস অব ইন্ডিয়া
