রাজধানীর বনানীতে মায়ের কবরেই শায়িত হলেন গাজী মাজহারুল আনোয়ার। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয়।
দুপুরে দিকে শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয়েছে এফডিসিতে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারকে শেষবারের মতো দেখেন ও শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। সেখানে হয় প্রথম জানাজা। এরপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ২১ বছর বয়সে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন।
গাজী মাজহারুল আনোয়ার প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে। ওই চলচ্চিত্রের নাম ছিল 'আয়না ও অবশিষ্ট'।
