কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শাহিন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন একজন আরোহী। আহত ওই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহিন ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার সোলায়মান মিয়ার ছেলে।

গত রবিবার রাত ১টায় উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনে দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যাচ্ছিল। এ সময় শাহিন সরাতৈল এলাকায় মোটরসাইকেলে অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ এএসআই সাকলাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত