গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার দুই বন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন, ময়মনসিংহ মুক্তাগাছা থানার নামা মহিষ তারা গ্রামের আবু বকর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের ব্যাপারী (৪২)। সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সকালে বন্দি আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্ত গাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।
একই কারাগারে বন্দি খোকন ব্যাপারী সকাল ৮টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ ৫টি মামলার আসামি হিসেবে এ কারাগারে বন্দি ছিলেন।
