জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন ও দুই সন্তানকে ফ্ল্যাট হস্তান্তর করেছে বিএনপি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ফ্ল্যাটের কাগজপত্র তাদের হাতে তুলে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটি সদস্য শেখ রবিউল আলম ও ঢাকা উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। চলমান বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের শুরু থেকে নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে। এই মানবিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যেই ২০২০ সালের জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
শফিউল বারী বাবুর মৃত্যুর পর জানা যায়, ঢাকার ইস্কাটনে পরিবার নিয়ে যে ফ্ল্যাটটিতে তিনি থাকতেন, সেটি ভাড়া ফ্ল্যাট। মৃত্যুর সময় তেমন কোনো সম্পদও রেখে যাননি। এমন অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের বিত্তবান নেতাদের প্রতি আহ্বান জানান বাবুর স্ত্রী সন্তানদের জন্য কিছু করার। বিত্তবানদের সহযোগিতায় দলের পক্ষ থেকে শফিউল বারী বাবুর স্ত্রী-সন্তানদের এই ফ্ল্যাট বুঝিয়ে দেন।
