সাংস্কৃতিক পল্লির দাবিতে শরীরে রঙ মেখে-শিকল পরে অবস্থান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ পিএম

সংস্কৃতির নগরী ময়মনসিংহে নানা সীমাবদ্ধতা, পৃষ্টপোষকতার অভাব, আর্থিক দৈন্য, নিবেদিতপ্রাণ সংগঠকের অভাব, মঞ্চ সমস্যাসহ নানা কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড অতীতের তুলনায় এখন কমে গেছে। এসব সমস্যা সমাধান এবং সরকারিভাবে সাংস্কৃতিক পল্লি গড়ে তোলার দাবিতে শরীরের জামা খুলে রঙ মেখে শিকল পরে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল সংস্কৃতিকর্মী।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

এ সময় অনসাম্বল থিয়েটারের ব্যানারে নাট্যকর্মীরা শরীরের জামা খুলে রঙ মেখে শিকল পরে খোলা আকাশের নিচে পারফর্মিং আর্ট 'নীলকণ্ঠ কথন' এর প্রদর্শনী করে। সেখান থেকে থিয়েটারের নিজস্ব মহড়া কক্ষ ও সাংস্কৃতিক পল্লি গড়ে তোলার দাবি জানানো হয়।  পরে একই দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।

এ ব্যাপারে থিয়েটার সভাপতি আবুল মনসুর বলেন,সাংস্কৃতিক অঙ্গনে নানা সমস্যা সত্ত্বেও এখানে গান-নৃত্য-নাটক-আবৃত্তি চর্চা করে যাচ্ছে ছোট-বড় প্রায় শ খানেক সংগঠন। কিন্তু পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধার অভাবে দিনকেদিন হারাতে বসেছে সংগঠনগুলো। দুই-একটি যাও অস্থায়ী কার্যালয় নিয়ে সংস্কৃতি চর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানেও তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন।

তিনি আরো বলেন, সম্প্রতি তাদের মহড়া কক্ষ উচ্ছেদ করে দেওয়া হয়েছে। যদি একটি জায়গা বরাদ্দ দেওয়া না হয় তাহলে সংস্কৃতি চর্চা বন্ধই হয়ে যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সংস্কৃতিকর্মীদের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়া পেয়েছেন। তার মধ্যে সাংস্কৃতিক পল্লির দাবিটি নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে যাবেন তারা।

প্রসঙ্গত, সম্প্রতি নগরীর কাচারিঘাট এলাকায় সরকারি জায়গায় থেকে কয়েকটি স্থাপনা উচ্ছদ করা হয়। ওই অভিযানেই কয়েকটির সাংস্কৃতিক চর্চা কেন্দ্রও উচ্ছেদ হয়। জেলার অন্যতম সক্রিয় নাট্য সংগঠন অনসাম্বল থিয়েটারসহ কয়েকটি সংগঠনের কার্যালয় ভেঙে ফেলা নিয়ে সে সময় নানান আলোচনা-সমালোচনা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত