সাভারে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৩ এএম

সাভারে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউসুফ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপেরবাড়ি এলাকার একটি মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। সাভারে তিনি ভাড়া বাসায় থাকেন এবং গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, ভোরে মক্তবে পড়ার জন্য শিশুটি মসজিদে যায়। এসময় শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ইউসুফ। পরে বাসায় ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বললে তার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ইমাম ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

এদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির দাদা আফজাল হোসেনকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আফজাল রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুর বাবা আব্দুল লতিফ নিজের বাবা আফজাল হোসেনকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা করেন। এছাড়া নরসিংদীর রায়পুরায় আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর মধ্যপাড়া গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবককে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত