নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ এএম

শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে মামুন খান (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলা ঘটে।

নিহত মামুন খান নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারইপাড়া গ্রামের সালাম খানের ছেলে।

তিনি নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সম্পাদক মোখলেছ ব্যাপারীর সঙ্গে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

মোখলেছ ব্যাপারী ও তার লোকজন মাদক বিক্রি ও সেবন করে এমন অভিযোগ মামুনের পরিবারের। মামুন প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এর জেরে বুধবার সন্ধ্যায় নড়িয়া পৌরসভা এলাকা থেকে বাড়ি যাওয়ার পথে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একা পেয়ে মোকলেছ ব্যাপারীর নির্দেশে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল মামুনের ওপরে হামলা চালায়।

এ সময় মামুনকে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালের চিকিৎসকেরা মামুনকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের স্ত্রী তানিয়া আক্তার ও মামা আনোয়ার হোসেন মল্লিক বলেন, সন্ত্রাসী মোখলেছ ব্যাপারী ও তার লোকজন মাদক বিক্রি ও সেবন করে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামুনকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে মোখলেছ ব্যাপারী ও তার লোকজন। এ হত্যার বিচার ফাঁসি চাই।

এদিকে, অভিযুক্ত মোখলেছ ব্যাপারী সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাতুড়ি দিয়ে পিটিয়ে মামুন খানকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি, প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত