কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৬ জনেরই মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৭ এএম

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে ঘটা অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু ইয়াসিনও (১২) মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা যায় সে। এ নিয়ে একই পরিবারের দগ্ধ ছয়জনই মারা গেল।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

বর্তমানে ইয়াসিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

এর আগে গত ৩০ আগস্ট কেরানীগঞ্জের মান্দাইল জেলেপাড়া এলাকার বাড়িতে মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। এখানে ইয়াসিনের আগে নিহতরা হলো বেগম (৬০), মারিয়ম (৮), সনিয়া (২৬), মো. শাহাদাত (২০) এবং ইদুনী বেগম (৫০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত