সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষে ‘নোলকজানের পালা’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ পিএম

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিলে তার গ্রামের বাড়িতে মঞ্চস্থ হলো পালা নাট্যের আসর ‘নোলকজানের পালা’। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলিম আল দীন কেন্দ্রের আয়োজনে সায়েক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় এই পালা নাট্য পরিবেশন করে আহির বাংলা।

সেলিম আল দীন কেন্দ্র-ফেনীর সভাপতি বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) অনীক মাহমুদ, চরদরবেশ ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, মঙ্গলকান্দি ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি-কবি শাবিহ মাহমুদ প্রমুখ। 

কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসোর সঞ্চালনায় চরদরবেশ ইউনিয়নের সেনেরখিলে সেলিম আল দীনের গ্রামের বাড়িতে সায়েক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় ‘নোলকজানের পালা’ পরিবেশন করে ময়মনসিংহের নাট্যদল আহির বাংলা। এ সময় ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নাট্যাচার্যের বিশ্ব মানবিক দৃষ্টিভঙ্গি এবং দ্বৈতাদ্বত শিল্পতত্ত্বের প্রশংসা করে প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, সেলিম আল দীন এক বিরল প্রতিভা। তিনি একই সঙ্গে এক মানবিক পৃথিবী তৈরির স্বপ্ন দেখেছেন; পাশাপাশি নতুন শিল্পতত্ত্বের মাধ্যমে নিজের সৃজনশীলতাকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। রবীন্দ্র-উত্তর বাংলা নাটকে সেলিম আল দীন এক অনন্য সংযোজন। এখানে তার তুলনা কেবল তিনিই। 

প্রসঙ্গত, সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিলে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একুশে পদক (২০০৭) ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪) সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তিনি ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত