রাজধানীর দয়াগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কদমতলী থানা ছাত্রদলের তিন নেতা আহত হয়েছেন। তারা হলেন কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম (২৫), যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন (২৬) ও আতিকুর রহমান মুন্না (২৩)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ হামলা হয়। আহতরা জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে শ্যামপুর-কদমতলী ছাত্রদলের একটি যৌথ সভা ছিল। সভা শেষ করে সেখান থেকে নেতাকর্মীরা যার যার বাসায় ফিরছিলেন। একটি রিকশায় তারা তিনজন শ্যামপুরের বাসায় যাওয়ার পথে দয়াগঞ্জ মোড়ে প্রথমে ৬-৭ জন যুবক এসে তাদের মারধর শুরু করে। তখন তারা দৌড়ে পালানোর সময় আরও ৭-৮ জন এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্বৃত্তদের কাউকে তারা চিনতে পারেননি।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে জানান, আহতদের পিঠ, কাঁধ ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
