রাজধানীর বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা এ দাবি জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ওহিয়া ফারজিন বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছ থেকে আমরা প্রতিনিয়ত আশ্বাস পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। নিরুপায় হয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেছি। সেই আন্দোলনের একটি অংশ হিসেবেই সাংবাদিকদের সামনে আসা।’
বর্তমানে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে এই শিক্ষার্থী বলেন, ‘এ অবস্থায় নিয়মানুযায়ী বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অনুমোদিত অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করেছি।’
