সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া এক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (ডিবি)। গত শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল, মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকা থেকে এই আট প্রতারককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. এনায়েত খাঁন (৪১), কাওসার আলী (৩৮), কাজী হাবীব (৩২), সেলিম আহামদ (৬০), ফয়েজ উল্লাহ (২৫), জালাল উদ্দিন তালুকদার (৫২), মো. সাগর (৩৪) ও সুলতান মাহমুদ (৩১)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন চাকরির ভুয়া নিয়োগপত্র।
গতকাল শনিবার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ।
এর আগে মো. শওকত আলী (৬৩) নামের এক ভুক্তভোগী গত ৭ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় এনায়েত, কাওসার ও কাজী হাবিব ও অজ্ঞাত পরিচয়ের কয়েক ব্যক্তির বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মামলা করেন।
ডিবির সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ব্যাংক কর্মকর্তা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালকসহ একাধিক পরিচয় দেয়।
