পাবনার চাটমোহরে পূর্বশত্রুতার জেরে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সøুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, হাফিজ স্থানীয় সøুইস গেটের পাশে চায়ের দোকানে বসে থাকার সময় রমজান আলী তাকে ডেকে সøুইস গেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাফিজকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে, বগুড়ার গাবতলীতে নুরুল ইসলাম উজ্জ্বল (৩৬) নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় উত্তেজিতরা ওই পক্ষের একটি দোকান ভাঙচুর করেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর বন্দরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। গুরুতর আহত ইউপি সদস্য উজ্জ্বল শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুখানপুকুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমতলীপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
