জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন নূরুল আলম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ড. নূরুল আলম।

পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত এ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১১ (১) ধারা অনুযায়ী চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে নিয়োগ দেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য পদে দায়িত্ব পালনের সময় ড. নূরুল আলম তার পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. নূরুল আলম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের করে গড়ে তুলতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন।’

২০১৮ সালে নূরুল আলম বিশ্ববিদ্যালয়টির উপউপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পান। চলতি বছরের ১ মার্চ তৎকালীন উপাচার্য ফারজানা ইসলামের মেয়াদ পূর্ণ হলে ২ মার্চ থেকে নূরুল আলম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন। ১৭ এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়।

এরপর গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচনে সিনেট সদস্যদের ভোটে ৪৬ ভোট পেয়ে তিনজনের প্যানেলে দ্বিতীয় হন নূরুল আলম। সিনেট মনোনীত অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) আমির হোসেন (৪৮ ভোট) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অজিত কুমার মজুমদার (৩২ ভোট)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ড. নূরুল আলম ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ের জলসা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। 

নূরুল আলম ১৯৮২ সালের এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরে পর্যায়ক্রমে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন, অর্থকমিটি, সিনেট এবং সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নূরুল আলম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত