ময়মনসিংহ, কিশোরগঞ্জে কলেজছাত্রসহ দুই খুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫ এএম

ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে জহিরুল ইসলাম মিঠু (২৬) নামে কলেজছাত্র খুন হয়েছেন। মিঠু বোকাইনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের সম্মান চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনার পর পৌর শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হত্যার ঘটনায় উত্তেজিত জনতা মধ্যবাজারের কয়েকটি দোকানে আগুন দেয়। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভাতে গেলে উত্তেজিত জনতা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং চারজন ফায়ার ফাইটার আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের পাট বাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে যান এলবার্ট ডেভিড সেন্টু। স্বর্ণ মাপ দেওয়ার পর দাম নিয়ে টিপুর সঙ্গে সেন্টুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেন্টুর ভাই ডেভিট রকি কলেজছাত্র মিঠুকে ছুরিকাঘাত করেন।

গৌরীপুর থানার ওসি মনিরুজ্জামান মজুমদার বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত গেছে শুনে পুলিশি পাহারায় আবারও ঘটনাস্থলে পাঠানোর চেষ্টা করি। কিন্তু পাটবাজার মোড়ে পৌঁছাতেই লোকজন গাড়িতে হামলা ও ভাঙচুর করে।’ অপরদিকে, কিশোরগঞ্জে পূর্ববিরোধের জের ধরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গোরস্থান মসজিদসংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক রাজনকে (২২) আটক করে পুলিশে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত