২০ ফুটের কম প্রশস্ত রাস্তায় টাকা দেবে না ডিএনসিসি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফিটের কম সেই ধরনের রাস্তার উন্নয়নে কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেবে না ডিএনসিসি। যেখানে রাস্তায় ২০ ফিটের কম হলে অনুমোদনই পায় না সেখানে বরাদ্দ দেওয়া হবে না। যারা অবৈধভাবে দখল করে রেখেছে তারা দখল ছেড়ে ক্লিয়ার না করে দিলে কাজ হবে না।’

গতকাল বুধবার রাজধানীর গুলশান-২-এর নগর ভবনের ষষ্ঠতলায় অনুষ্ঠিত করপোরেশন সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে দিতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।’

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত