অবসর নিতে প্রস্তুত নন রিয়াদ, সায় দেননি বিসিবির প্রস্তাবে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ পিএম

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে তাকে শেষ ম্যাচটি খেলার কথা জানানো হয়েছিল। বিসিবি চেয়েছিল অভিজ্ঞ এই ক্রিকেটারের বিদায়টা যেন মাঠ থেকেই হয়। তামিম ইকবাল বা মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে যেভাবে অবসর নিয়েছেন তা ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল।

তাই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই বিদায়ী ম্যাচ খেলে যেন মাঠ থেকে বিদায় নেন, সেই প্রস্তাব মাহমুদউল্লাহ রিয়াদকে দেয় বোর্ড। তবে সেই প্রস্তাবে সায় দেননি টি-টোয়েন্টির সাবেক এই অধিনায়ক।

ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই গণমাধ্যমকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, রিয়াদকে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, তিনি তাতে রাজি হননি। এই মুহূর্তে রিয়াদ অবসর নিতে প্রস্তুত নন বলেও আমাদের জানিয়েছেন। তিনি অন্তত আরও দুই বছর খেলতে চান, জাতীয় দলে ফিরে আসারও চেষ্টা করবেন তিনি।

এই কর্মকর্তার কথায় বোঝা যায় প্রাক্তন এই অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার আশা করেননি। তিনি মনে করেছিলেন বোর্ড তাকে শেষ পর্যন্ত দলে রাখবে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টিম ম্যানেজমেন্টের পীড়াপীড়িতে দলে তার অন্তর্ভুক্ত হওয়াতে তৈরি হয়েছে মিথ্যা আত্মবিশ্বাস।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচক প্যানেল অধিনায়ক সাকিবের কাছে জানতে চেয়েছিল রিয়াদকে দলে চান কিনা, সাকিব তা কৌশলে এড়িয়ে গেছেন। পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।  

তবে বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তাই রিয়াদের বাদ পড়া অতটা বিস্ময় জাগায়নি। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম পারফরমারের চেয়ে প্রভাব বিস্তারকারি ক্রিকেটারদের খুঁজছিলেন। তার সেই দর্শনের পথ আলিঙ্গন করে নতুন ব্র্যান্ডের টি-টোয়েন্টি দল তৈরি করছে বাংলাদেশ। তাতে কাটা পড়েছে রিয়াদের নাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত