বলিউডে একের পর এক তারকা-সন্তানের অভিষেক। আর কয়েক দিনের অপেক্ষা, ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান। জোয়া আখতারের নতুন সিরিজ 'আর্চিজ'-এ দেখা যাবে তাকে। পর্দায় পা রাখার আগে থেকেই দর্শকের নজরে থাকেন বেশ কিছু তারকা-সন্তান। যেমন সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরও। এর মধ্যেই পাপারাজ্জির প্রিয় হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পাণ্ডে। দর্শক, পাপারাজ্জিদের সঙ্গে তাদের মিষ্টি ব্যবহার অন্যতম কারণ।
অন্যদিকে রুপালি পর্দায় পা দেওয়ার আগে থেকেই সুহানার ব্যবহারে রুষ্ট সকলেই। ক্যামেরা দেখলেই এড়িয়ে চলে যাওয়া, দর্শককে সম্মান না করা- এই ব্যবহার মোটেই ভালোভাবে নিচ্ছেন না কেউ। ফলে অনেকেই মনে করেন, তিনি উদ্ধত। নিজের সেই ভাবমূর্তিই ভাঙতে চান সুহানা। তার জন্য নাকি ইন্ডাস্ট্রির এক বন্ধুর থেকে উপদেশও নিয়েছেন তিনি। মিডিয়া এবং সাধারণদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহারের উপদেশই তাকে দিয়েছে শাহরুখকন্যার এক অভিজ্ঞ বন্ধু।
সেই বন্ধু বলেছেন, 'তাঁর নাম ধরে সম্বোধন করলে, তিনি যেন একটু দাঁড়িয়ে, হেসে সবাইকে ছবি দিয়ে তার পর নিজের কাজে যান। এই ভদ্রতাটুকু তার করা উচিত।'
বন্ধুর সেই পরামর্শ যে মন দিয়ে শুনেছেন সুহানা, সে প্রমাণ মিলল হাতেনাতে। মায়ের সঙ্গে ছুটি কাটাতে শহরের বাইরে ফ্রেমবন্দি হন তিনি। বিমানবন্দরের বাইরে এক অনুরাগী ছবি তোলার জন্য অনুরোধ করেন তাকে। এবার আর তিনি কাউকে ফিরিয়ে দেননি। দাঁড়িয়ে ছবি তোলেন। তবে বলিপাড়ার ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাহরুখকন্যা আদতে উদ্ধত নন, তিনি আসলে লাজুক।
