প্রথমবারের মতো ঢাকায় এলেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক সোহেল খান। সালমানের চ্যারিটি প্রতিষ্ঠান 'বিং হিউম্যান'-এর ফ্যাশন হাউসের শোরুম উদ্বোধন করতে ঢাকায় এলেন তিনি। তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাগ্নে আয়ান অগ্নিহোত্রি।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন সোহেল খান। দুপুরে বনানীতে তিনি সাংবাদিকদের বলেন, 'বিং হিউম্যান একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এটি সালমান খান ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে। জনপ্রিয়তা পেলে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশে আরো কয়েকটি শাখা চালু করবে।'
সালমান খানের পক্ষ থেকে এ দেশে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানান সোহেল খান। তিনি বাংলায় বলেন, 'বাংলাদেশকে ভালোবাসি'। আজ সন্ধ্যায় গুলশানে একটি আয়োজনে অংশ নিয়ে রাতেই মুম্বাই ফিরে যাবেন তারা।
