গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. মুন্সি আতিয়ার রহমান বিপুল সংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। সে হিসেবে এখন তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়া সময়ের ব্যাপার মাত্র।
তবে, এখনো মনোনয়নপত্র যাচাই-বাছাই, বৈধ ঘোষণা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।
তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান রয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা জানিয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, চেয়ারম্যানপদে এক জন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
