মানবপাচার মামলায় জামিন পেলেন জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। চলতি বছরের ১৪ জুলাই গ্রেপ্তার হন তিনি। পাতিয়ালার নগর দায়রা আদালত ২ বছরের কারাবাসের সাজা দেন। প্রথমে গায়কের সব জামিনের আবেদন খারিজ করেন আদালত। গ্রেপ্তারির প্রায় দু'মাস পর এবার জামিন পেলেন দালের।
উল্লেখ্য, বিদেশে শো করার নাম করে এই কাজ করতেন দালের ও তার ভাই সামশের সিং। ১৯৯৮ ও ১৯৯৯ সালে একাধিক মানুষকে অবৈধভাবে বিদেশে পাচার করেন দুজন। নিজেদের গানের দলের সদস্য হিসেবে মানুষদের আমেরিকা নিয়ে গিয়ে সেখানেই রেখে আসতেন দুই ভাই। তিন তরুণীকে এভাবেই সান ফ্রান্সিসকোতে রেখে আসেন।
১৯৯৯ সালের অক্টোবরেও কিছু মানুষকে নিউ জার্সিতে অবৈধভাবে রেখে আসেন। এর পর পরই পাতিয়ালা পুলিশ দুই ভাইয়ের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনে। দালের মেহেন্দির দিল্লির অফিসেও হানা দিয়েছিল পুলিশ। বিভিন্নভাবে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হয়। এর মধ্যেই দুই ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৩৫ জন প্রতারণার অভিযোগ আনেন। বলা হয়, মানুষজনদের এভাবে পাচার করার জন্য অর্থ নিতেন। অনেকের কাছ থেকে নাকি অর্থ নিয়েও বিদেশে নিয়ে যাননি।
১৯৬৭ সালের ১৮ আগস্ট পাটনায় জন্ম হয় দালের মেহেন্দি। কেরিয়ারের শুরু থেকেই অসংখ্য হিট গান রয়েছে তার। দেশের সঙ্গে সঙ্গে বিদেশেও তিনি সমান জনপ্রিয়। ২০১৯ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। সূত্র : হিন্দুস্তান টাইমস
