বিএনপি-জামায়াতের দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন: ডিসি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পিএম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান আওয়ামী লীগ প্রার্থীর বিজয় কামনা করে দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নিয়েছেন। 

এ সময় আগামী জাতীয় নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, 'এ নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের শক্তির হাতে থাকবে নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে যাবে। আমি মনে করি, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে, তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি, সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।'

তিনি বলেন, নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি যদি থাকে, সেগুলোর ঊর্ধ্বে উঠে যেকোনো মূল্যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যাতে স্বাধীনতার সপক্ষ শক্তির হাতে থাকে, সেজন্য আন্তরিকভাবে কাজ করা উচিত। জাতির স্বার্থে, দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করব, বাংলাদেশকে রক্ষা করব। 

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। এ সময় তার সঙ্গে জেলা পরিষদের বর্তমান প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলার সভাপতি সংসদ সদস্য মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং নগরের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর পেয়ারুলের বিজয় কামনা করে মোনাজাত করেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী। এতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও ডিসিকেও হাত তুলে অংশ নিতে দেখা গেছে।

এরপর তিনি বাঁ পাশে পেয়ারুল এবং ডান পাশে সংসদ সদস্য মোছলেমকে বসিয়ে বক্তব্য দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত