রানির শেষকৃত্যে যোগ দিতে পারবে না চীনা প্রতিনিধিদল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮ পিএম

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে থাকতে পারবে না চীনের কোনও সরকারি প্রতিনিধিদল। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এর স্পিকার লিন্ডসে হোয়লে সোমবার পার্লামেন্টের ওয়েস্টমিনস্টার হলে রানির শেষকৃত্য অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদলের যোগদানের আবেদন খারিজ করে দিয়েছেন।

তবে সোমবারের শেষকৃত্যে হাজির থাকতে পারেন কেবল মাত্র চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশান। লন্ডন-বেইজিং কূটনৈতিক টানাপড়েনের জেরেই ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে বিবিসির সংবাদে।

অধিকৃত শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের উপর চীনা সেনাদের অত্যাচার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ায় সম্প্রতি নয়জন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে পদক্ষেপ নেয় চীন। নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কয়েক জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তাদের মধ্যে সাত জন ব্রিটেনের পার্লামেন্টের সদস্য। সে কারণেই চীনা প্রতিনিধিদলকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রানির শেষকৃত্যে প্রবেশাধিকার দেওয়া হয়নি।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের ওপর এই আচরণের কারণে লন্ডনের চীনা রাষ্ট্রদূতের পার্লামেন্ট ভবনে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলেন নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’ এবং উচ্চকক্ষ ‘হাউস অফ লর্ডস’-এর স্পিকার।

প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষবিদায় জানাতে সোমবার লন্ডনে হাজির থাকবেন বিশ্বের প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাদের সকলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনার জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। কেবল মাত্র নিরাপত্তাজনিত কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাপানের সম্রাট নারুহিতোর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত