বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ এএম

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছনকা বাজার এলাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাত ২টার দিকে মহাসড়ক থেকে একদল মানুষের আগুন আগুন বলে চিৎকার শোনা যায়। ছনকা বাজার এলাকায় গিয়ে দেখা যায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে বাসটি। তবে বাসে আগুন লাগলেও ওই বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর নাদির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। আর তা থেকে আগুন লেগেছে। আমরা খবর পাই মহাসড়কের ছনকা বাজার এলাকায় যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এঘটনায় কোন হতাহত হয়নি। তবে বাস ও যাত্রীদের অধিকাংশ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত