গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে জিএমপির ডিসি (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- এডিসি (উত্তর) রেদোয়ান আহমেদ, এসি প্রসিকিউশন ফাহিম আশজাদ ও গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন। তিনি জানান, কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
রনি ও জিল্লুর ছাড়া চিকিৎসাধীন অপরজনের নাম মোশাররফ হোসেন। রনি এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন, এখনই কিছু বলা সম্ভব নয়।’
এবিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। তার সামান্য শ্বাসনালী পুড়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।
