মোংলায় যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু ব্যক্তির জমি দখলের অভিযোগ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৪ পিএম

মোংলায় উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে এক সংখ্যালঘু ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে।

শনিবার বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী কৃষ্ণ পদ বিশ্বাস।

তিনি জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী গ্রামের বাসিন্দা সংখ্যালঘু কৃষ্ণ পদ বিশ্বাসের এক দশমিক ৪৩ একর ও তার আত্মীয় বিনয় রায়ের ৩৩ শতকসহ মোট এক দশমিক ৭৬ একর জমি জোরপূর্বক রেজিস্ট্রি করিয়ে নেন।

গত ২০২০ সালে এই জমি রেজিস্ট্রি করে টাকা দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত জমির সেই টাকা দেননি যুবলীগ নেতা ইস্রাফিল।

উল্টো টাকা চাইলে অস্ত্রের মুখে প্রাণনাশ ও দেশ ত্যাগের হুমকি দেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা কমিটির সহসভাপতি পিযুষ কান্তি মজুমদার, মোংলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রমেশ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতির মোংলা শাখার সভাপতি মহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা কেশব লাল মন্ডল।

কৃষ্ণ পদ আরও অভিযোগ করে বলেন, মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন যুবলীগ নেতা ইস্রাফিল ওই ইউনিয়নের অনেক সংখ্যালঘু পরিবারের জায়গা ও সম্পত্তি জোরপূর্বক দখলে করে নিয়েছেন। এ ছাড়া তিনি এলাকার শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করাসহ এলাকায় নিজস্ব বিশাল ক্যাডার বাহিনী তৈরি করে জনমনে ভীতির সৃষ্টি করতেন।

ইস্রাফিল এক সময় শিবির নেতা থেকে কীভাবে যুবলীগ নেতা হলো তা নিয়েও ভুক্তভোগী মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংখ্যালঘু পরিবারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তোলেন।

তার অবৈধভাবে অর্থ বিত্তের মালিক বনে যাওয়া ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান জিম্মি করে টেন্ডার বাণিজ্য করা ইস্রাফিল হাওলাদের বিচার দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত সংখ্যালঘুরা।

এ বিষয়ে ইস্রাফিল হাওলাদার বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন, হয়রানি ও মানহানির জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। টাকা না পেয়ে কি কেউ কাউকে দলিল রেজিস্ট্রি দেয়! সুতরাং এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র ছাড়া কিছুই না বলে দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত