রূপগঞ্জে ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে সাড়ে ৫ লাখ টাকা লুট

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ইব্রাহীম হোসেন নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় ঘটে এ ঘটনা।

ব্যবসায়ী ইব্রাহীম হোসেন দেবই এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি একজন প্লট ব্যবসায়ী।

ইব্রাহীম হোসেনের ভাই ইলিয়াছ হোসেন জানান, একই এলাকার খলিলদের সঙ্গে তাদের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে ওই জমি নিয়ে খলিলদের সঙ্গে তার ভাই ইব্রাহীম হোসেনের কথা-কাটাকাটি হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহীম হোসেন একটি প্লটের বায়না দেয়ার জন্য ঢাকার মীরপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে সাড়ে ৫ লাখ টাকা নিয়ে রওনা হন।

এ সময় দেবৈ এলাকার সেলিম মিয়ার মুদি দোকানের সামনে পৌঁছালে একই এলাকার খলিল, রাকিব, আতিক, লিমন, আশিক, আখের, দিলু, দীল মোহাম্মদসহ ৮ থেকে ১০ জনের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহীমের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় ইব্রাহীমকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা প্লটের বায়নার সাড়ে ৫ লাখ টাকা লুটে নেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে ইব্রাহীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে সবেমাত্র একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত