উখিয়া উপজেলা ছাত্রলীগের পদে আসতে মরিয়া অপরাধীরা!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের আগামী সম্মেলনকে ঘিরে কমিটির বিভিন্ন পদে আসতে মরিয়া হয়ে উঠেছে একটি অপরাধী চক্র। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে খুন, অপহরণ ও মাদক মামলার চিহ্নিত আসামিরা দলের হাইকমান্ডে দেনদরবার শুরু করেছেন। যেকোন কিছুর বিনিময়ে কৌশলে পদ ভাগিয়ে নিতে চাই এসব অপরাধীরা। এতে করে প্রকৃত ও ত্যাগী ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় হয়ে পড়েছে। অবশ্য, কক্সবাজার জেলা ছাত্রলীগ বলছেন, ছাত্রলীগের কমিটিতে অপরাধীদের কোন স্থান হবে না।

উখিয়া উপজেলা ছাত্রলীগের একাধিক সূত্র বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে অথবা দলীয় হাইকমান্ড কর্তৃক কমিটি ঘোষণা করতে পারেন। এই কমিটিতে বিভিন্ন মামলার আসামিরা নাম লেখাতে দৌড়ঝাঁপ শুরু করেছে। কালো টাকায় ম্যানেজ করে জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে কৌশলে যোগাযোগ রক্ষা করছেন তারা।

দেশের সীমান্ত উপজেলা হওয়ায় মাদক চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট হচ্ছে উখিয়া ও টেকনাফ। তাই, ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদটি খুব গুরুত্বপূর্ণ। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশীদের মধ্যে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ সম্পাদক প্রার্থী এস ডি রায়হান।

অভিযোগ উঠেছে এস ডি রায়হানের বিরুদ্ধে কক্সবাজার আদালতে জি,আর ২৬৬/২০ (উখিয়া থানার মামলা নম্বর ১৫ তাং ১৮/৬/২০২০ ইং) এবং চট্টগ্রাম বাকলিয়া থানায় মামলা নং-২৪/২০১৯ ইং ও জিআর মামলা নং-৫৬০ মামলা রয়েছে। যা এখনও চলমান। আর হত্যা মামলার ১নং আসামি হিসেবে এসডি রায়হানের নাম রয়েছে।

শুধু রায়হান নয়। রায়হানের মত ছাত্রলীগ নেতা আনোয়ার হোছাইনের বিরুদ্ধে (জিআর মামলা নং-৫৭/১৯) ও উখিয়া ডিগ্রি কলেজের বিএমএ শাখার একাদশ শ্রেণির ছাত্র আলমগীর ফরিদ নিঝুমসহ অনেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলায় জড়িয়ে রয়েছে। 

এ ব্যাপারে উখিয়া উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী এস ডি রায়হান বলেন, আমার বিরুদ্ধে কোন মামলা নেই। উখিয়ায় একটি হত্যা মামলা ছিল। তা এখন বাদির সঙ্গে মিটমাট হয়ে গেছে। এছাড়া আমার বিরুদ্ধে আর কোন মামলা প্রমাণ দিতে পারবে না কেউ। আমি মাঠের একজন সক্রিয় কর্মী। দল যদি মনে করেন আমি সভাপতি বা সাধারণ সম্পাদকের যোগ্য তাহলে আমি দায়িত্ব পালন করতে রাজি।

জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেন, এই রকম অনেকের কাছ থেকে শুনেছি। কিন্তু সুনির্দিষ্ট কেউ তথ্য প্রমাণ দিতে পারেনি। যদি কেউ কারও বিরুদ্ধে প্রমাণ দিতে পারে, তাহলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। কারণ, কোন অপরাধীর স্থান ছাত্রলীগে নেই।

উলে­খ্য, উখিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ ১৬ মাস পরও সম্মেলন না হওয়ায় সাধারণ ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। একই সঙ্গে ছাত্রলীগের আগামী নতুন কমিটিতে কোন মাদক ব্যবসায়ী, অপহরণ ও হত্যা মামলাসহ অপরাধীদের স্থান না দেওয়ার জন্য কক্সবাজার জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত