বিরোধীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে গণআন্দোলনের আহ্বান সিপিবির

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি, বাম জোট, সিপিবিসহ বিরোধী রাজনৈতিক দলের সভা, সমাবেশে হামলা, নির্যাতন, দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের স্বৈরাচারী, ফ্যাসিবাদী প্রবণতা এমন জায়গায় পৌঁছেছে যে তারা হামলা-মামলা করে ক্ষান্ত হচ্ছে না। কোথাও কোথাও  অফিস, বাড়ি-ঘর পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। আক্রান্তদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, মামলার হুমকি দেওয়া হচ্ছে। সরকারি দলের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের রুম পর্যন্ত ভাঙচুর করেছে। এসব সন্ত্রাসীদের আক্রমণে অনেক বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে অব্যাহতভাবে ভয়ের রাজত্ব তৈরি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

নেতৃবৃন্দ দমন-পীড়ন, হামলা-মামলা বন্ধ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেতন দেশবাসীকে রাজপথে নেমে গণসংগ্রাম, গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত