সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে দুস্থদের জন্য রেডিমেড রুটির মেশিন স্থাপন করা হয়েছে। ক্ষুধার্ত কেউ চাইলে এই ভেন্ডিং মেশিনে সুইচ টিপলেই পাওয়া যাবে তৈরি করা তরতাজা রুটি। মোহাম্মদ বিন রশিদ গ্লোবাল সেন্টার ফর এনডাউমেন্ট কনসালটেন্সি (এমবিআরজিসিইসি) সুবিধাবঞ্চিত পরিবার ও শ্রমিকদের বিনামূল্যে খাবার দিতে ‘সবার জন্য রুটি’ নামে এই কর্মসূচি চালু করেছে। এ প্রকল্পের আওতায় স্থাপিত স্মার্ট মেশিন থেকে অনাহারী মানুষ খাবার সংগ্রহ করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস জানায়, ‘দুবাইয়ে কেউ অভুক্ত হয়ে ঘুমাবে না’, শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের এই প্রত্যয়ের একটি বহিঃপ্রকাশ হলো এসব রুটির মেশিন। দুবাইয়ের আল মিজহার, আল ওয়ারকা, মিরডিফ, নাদ আলেশবা, নাদ আল হামার, আল কুজ ও আল বাদা এলাকার সুপার মার্কেটগুলোয় এসব স্মার্ট মেশিন স্থাপন করা হয়েছে। মেশিন স্থাপনে সহায়তা করেছে আসওয়াক নামের একটি প্রতিষ্ঠান। এসব রুটির মেশিন ব্যবহার করা সহজ। এজন্য ভেন্ডিং মেশিনের ‘অর্ডার’ লেখা সুইচ টিপে রুটি তৈরি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যস, এরপরই মেশিন থেকে বেরিয়ে আসবে টাটকা রুটি। রুটির গ্রাহককে এজন্য কোনো টাকাও খরচ করতে হবে না। বিত্তবানরা চাইলে এই প্রকল্পে অর্থায়ন করতে পারবেন। এজন্য সামাজিক অনুদানকে উৎসাহিত করছে এমবিআরজিসিইসি। কেউ চাইলে নিজের এলাকায় এসব মেশিন স্থাপনেও সহায়তা পাবেন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা আলি আল মুতাওয়া বলেন, ‘উদ্ভাবনী এই প্রচেষ্টা অংশগ্রহণমূলক সামাজিক উন্নয়নের একটি উদাহরণ’। একে সামাজিক নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দিয়ে মেশিন স্থাপনে সহযোগী আসওয়াকের উপ-প্রধান নির্বাহী আফফান খওরি বলেন, ‘সবার জন্য রুটি প্রকল্পের অংশ হতে পেরে আমরা আনন্দিত। সামাজিক সুরক্ষা বলয় তৈরিতে এটি সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত পরিবার, ব্যক্তি ও শ্রমিকদের জন্য সাহায্যের হাত প্রসারিত করতে পারব।’
×
