হেলিকপ্টার থেকে স্কুলে জান্তার হামলা, ১১ শিশু নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ এএম

মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে একটি স্কুলের ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জঙ্গি আস্তানা ভেবে হেলিকপ্টার থেকে সামরিক জান্তার নির্বিচারে গুলি চালানো হয়। এতে আহত হন আরও ১৭ জন। খবর দ্য ইরাবতীর।

মিয়ানমারের সাগাইং অঞ্চলের লেট ইয়েট কোন গ্রামের একটি বৌদ্ধ মঠে শুক্রবার এই ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর কাছে খবর ছিল, জঙ্গিরা এই স্কুলটি সন্ত্রাসমূলক কাজের জন্য ব্যবহার করছে এবং সেনাবাহিনীর উপর আক্রমণের ছক কষছে। এরপরই স্কুল ভবনে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় সেনা।

প্রতিরোধী গোষ্ঠী এটিকে শিশু হত্যা বলে দাবি করছে।

মিয়ানমারের স্থানীয় গেরিলা সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর নেতা বো কিয়ার গি বলেন, যদি তারা আমাদের হত্যা করে তাহলে মেনে নিতে পারি কারণ আমরা তাদের সঙ্গে যুদ্ধ করছি। কিন্তু তারা একটি স্কুলে হামলা করে শিশুদের হত্যা করেছে। এটি মেনে নেওয়া যায় না।’

সংবাদমাধ্যমের খবর, শুক্রবার দুটি হেলিকপ্টার থেকে লেট ইয়েট কোন গ্রামের স্কুলে হামলা করা হয়। এতে ঘটনাস্থলে ৭ শিশুর মৃত্যু হয়। আহত হন ১৭ জন। এর মধ্যে ৩ জন শিক্ষক ও ১৪ জন শিশু। সৈন্যবাহিনী গ্রামটিতে তল্লাশি চালানোর সময় আরও দুজন নিহত হয়।

শাসক বাহিনী সাতটি মৃতদেহ এবং আহতদের পার্শ্ববর্তী ইয়ে-ইউ টাউনশিপের একটি ঐতিহ্যবাহী মেডিসিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) নামক একটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা ওই মঠে বেশ কিছু দিন ধরে লুকিয়ে ছিলেন এবং গ্রামটিকে অস্ত্র লেনদেনের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। সেনাবাহিনীর তরফে ওই এলাকা পরিদর্শনে যাওয়ার পর জঙ্গিরা স্কুলের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

তবে ওই এলাকায় কোনো কেআইএ বা প্রতিরোধী সৈন্য ছিল না বলে ইরাবতীকে জানিয়েছেন কো কিয়ার গি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত