পল্লবীতে বিএনপির সমাবেশে হামলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নামে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি মো. ওমর ফারুক ফারুকী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ জনের নামোল্লেখ করে আরও ৪-৫শ অজ্ঞাতপরিচয় নেতাকর্মীর নামে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেষে আবেদনটি খারিজ করে দেন।
বাদীপক্ষে শুনানি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার। আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেন প্রমুখের নামোল্লেখ করে আরও ৪-৫শ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়।
মামলার আবেদনে বলা হয়েছিল, গত ১৫ সেপ্টেম্বর মিরপুর পল্লবী জোনে ঢাকা মহানগর উত্তর বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে। সেখানে হঠাৎ হামলা চালিয়ে অভিযুক্তরা সভা পন্ড করে দেয়।
