একরাতে আট বাড়িতে ডাকাতি, কাশেম বাহিনীর ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫২ পিএম

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এক রাতে আট বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত কাশেম বাহিনীর নয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতটি ককটেল, তিনটি ছোরা, একটি কাটার, পাঁচটি টেটা, তেরোটি টর্চ লাইট, নয়টি মোবাইল সেট ও নগদ ২৪ হাজার ৯০০ টাকা।

বুধবার দুপুরে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তার আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার থানার সরাবদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- আড়াইহাজার থানার গোপালদী এলাকার মৃত আবু তালেবের ছেলে দলনেতা আবুল কাশেম (৩৩), কাজীপাড়ার আব্দুল হামিদের ছেলে ওমর ফারুক (২৭), গোপালদী দাইরাদির মৃত মোস্তফার ছেলে মো. লিটন (২৪), মারুয়াদীর নূর মোহাম্মদের ছেলে সবুজ (২৮), জুকার দিয়ার আলম ভূঁইয়ার ছেলে রুমন ভূঁইয়া (২৫), গোপালদীর আলমের ছেলে আশরাফুল (১৯), কলাগাছিয়ার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (২২), ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্চারামপুর থানার তেজখালী গ্রামের মৃত নীল মিয়ার ছেলে মো. বাবু (২৬), নরসিংদীর মাধবদী থানার চকড়িয়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮)।  

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে গত ঊনিশ সেপ্টেম্বর আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী চকের বাড়ি ও উদয়দী গ্রামের আটটি বাড়িতে তারা ডাকাতি করেছিলেন।

আটক আবুল কাশেমের বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় ডাকাতিসহ দশটি ও বাবুর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত